ফেসবুকে আপত্তিকর পোস্ট ভাইরাল
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে একটি ফেইক আইডি থেকে একটি আপত্তিকর পোস্ট ভাইরাল হওয়ায় যুবলীগ কর্মী নয়ন (২০) আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডি থেকে সবার কাছে ক্ষমা চেয়ে ও বিদায় নিয়ে একাধিক পোস্ট করেন।
বাড়া ফকিরবাড়ির গ্রাম পুলিশ সিরাজুল হকের ছেলে নয়ন বারবাড়িয়া ইউনিয়ন শাখা যুবলীগের কর্মী ছিলেন। তার দুই ভাই রেজাউল ও আলম সৌদি প্রবাসী। নয়নও সৌদি আরব ছিল। এক বছর আগে দেশে ফিরে আসেন।
পুলিশ, এলাকাবাসী, নিহতের পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, নয়নের সাথে পাশের পাকাটি গ্রামের ১৯ বছর বয়সী এক স্বামী পরিত্যাক্তা তরুণীর ফেসবুকে পরিচয় হয়। ওই তরুণী নয়নকে তাদের এলাকায় যেতে বলে। ১৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে নয়ন পাকাটি গ্রামের বাংলাবাজার এলাকায় গেলে স্থানীয় নিশা, রাজিব ও রাজুর নেতৃত্বে একদল যুবক নয়নের পথরোধ করে, বেদম প্রহার করে ওই তরুণীর কাছে নিয়ে জোরপূর্ব ছবি তোলে ও ভিডিও করে। পরে জরিমানা আদায় করে ছেড়ে দেয় এবং এই ছবি ও ভিডিও দিয়ে একটি ফেইক আইডি থেকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়। লজ্জায় নয়ন ৯ দিন ধরে নিজের বাড়িতেই নিজেকে বন্দি করে রাখে। বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে নয়ন। নয়নের মৃত্যুর পর পোস্টকারী তার আপত্তিকর পোস্টটি তার টাইমলাইন থেকে ডিলিট করে দেয়।
গফরগাঁও থানা পুলিশ শুক্রবার দুপুরে নয়নের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতার মর্গে পাঠায়। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে।
