কুমিল্লা প্রতিনিধি
সাবেক তথ্য কমিশনার ও সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের (৭৬) আর নেই। ঈদুল আজহার দিন বুধবার দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আইসিউওতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। বুধবার বাদ এশা ঢাকার শ্যামলী পিসিকালচার হাউজিং শাহী জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয় এবং নিজ গ্রাম আনন্দপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কুমিল্লায় তার ২য় জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের ডা. আম্বর আলী ও রহিমা বেগমের ৯ সন্তানের মধ্যে মো. আবু তাহের ছিলেন সপ্তম। আবু তাহেরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরহুম মোহাম্মদ আবু তাহেরের একমাত্র ভাই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় ঈদুল আজহার দিন বুধবার তিনি মারা যান।
এদিকে মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি, সাবেক রেলপথ মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
