গণভবনে যেভাবে ঈদ উদ্যাপন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫৪

বিশেষ প্রতিনিধি

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে টানা তৃতীয় বারের মতো গণভবনে গণমানুষ বিচ্ছিন্ন হয়ে ঈদ উদ্যাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার পবিত্র ঈদুল আজহার দিনটি গণভবনে কাটিয়েছেন। করোনামুক্ত সময়ে প্রতি বছর দুই ঈদের দিন যেভাবে সাধারণ মানুষের কোলাহলে মিশে যেতেন, শুভেচ্ছা বিনিময় করতেন, করোনা মহামারির কারণে গত দেড় বছর ধরে তা থেকে বঞ্চিত হচ্ছেন প্রধানমন্ত্রী।

অডিও ও ভিডিও রেকর্ডের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষ্যে এবার দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। তিনি এতিমখানায়ও খাবার পাঠিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী গণভবনের স্টাফদের মধ্যে উন্নতমানের খাবার দিয়েছেন। স্টাফদের মধ্যে কোরবানির মাংস বিলি করেছেন।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী গণভবনের স্টাফদের সঙ্গেই ঈদ উদ্যাপন করছেন। করোনা মহামারির কারণে গণভবনে প্রতিটি ঈদে গণভবনে যে রীতি থাকে সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে যান। কারণ দুই ঈদে গণভবনে প্রবেশ করতে কোনো পাশ লাগে না, সবার জন্য উন্মুক্ত থাকে। এবার সেই কোলাহল নেই। এটি তার জন্য বেদনার বিষয়ও।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টি পাঠান। সকালে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যমে এসব উপহার পাঠান।