আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী গ্রামে সুতা ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় মহিলাসহ চার জন আহত হয়েছেন। আলাউদ্দিন ভুঁইয়া জানান, ঘটনার রাতে তিনি ঢাকা থেকে ঈদ করার জন্য বাড়িতে আসেন। তিনি রাতে ঘুমিয়ে পড়লে পূর্ব শক্রতার জের ধরে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে রাত  সাড়ে ১২টার দিকে বাড়ির ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করে একই গ্রামের ওসমান গং। পাহারাদারদের চিত্কারে বাড়ির সবাই বের হয়ে এলে দেখা যায় একই গ্রামের ওসমান, সোলমান, আনোয়ার, শাহজাহান, আ. হালিম, ভুট্টু মাসুমসহ কয়েক জন এই হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে চার জনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে তারা। এদের মধ্যে দুই জনকে ঢাকায় পাঠানো  হয়েছে। এই ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৮ জুলাই ঐ বাড়িতে হামলার ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।