বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জে প্রশাসনের ব্যাপক তত্পরতা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

করোনা সতর্কতায় ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তত্পরতা চলছে জেলার বিভিন্ন পয়েন্টে। গতকাল শুক্রবার সকাল থেকে নগরীর চাষাড়ায় পুলিশের তত্পরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সোনারগাঁয়ের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা, বন্দরের মদনপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা দেখা গেছে। এদিকে গতকাল দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিম, সেনাবাহিনীর তিনটি পেট্রোল টিমে প্রায় ৪৬ জন, বিজিবির দুই প্লাটুনে প্রায় ৪০ জন, র্যাবের একটি টিম টহলে কাজ করছে। এ ছাড়া ব্যাটালিয়ন আনসার/সাধারণ আনসার এবং জেলা পুলিশ বিভাগ মাঠে রয়েছে। তিনি আরো জানান, করোনা বিস্তার রোধকল্পে নারায়ণগঞ্জ জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্ত নিরলস কাজ করে যাচ্ছে। এ সময়ে সবাইকে সচেতনতার সঙ্গে লকডাউন বাস্তবায়নে সহযোগিতার জন্য অনুরোধ করেছেন।