বিশেষ প্রতিনিধি
বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে গাঁজা পরিবহনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—মো. আলী আজগর ওরফে কালু ফকির এবং মো. মনির মিয়া।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (গুলশান) মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ আজগর ও মনিরকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও তাদের বহনের কৌশল সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের কাছে তথ্য আসে যে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা বগুড়া যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তিনিসহ একটি টিম রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। বেলা আনুমানিক ৩টার দিকে কাঙ্ক্ষিত নীল রঙের পিকআপ ভ্যানটি এলে ডিবি পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন তারা পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে দুই জনকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাঁজা রাখার কথা স্বীকার করে এবং নিজ হাতে পিকআপ ভ্যানের পাটাতনের নিচ থেকে একে একে বের করে গাঁজার ২৫টি প্যাকেট। যার ওজন ৫০ কেজি। গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানী হয়ে বগুড়া নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।
