রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল গতকাল শুক্রবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। রাশিয়া সফরকালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য পঞ্চম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। এ সময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া নৌপ্রধান দেশটির নৌ-জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন। —আইএসপিআর
