চিন্তিত নয় বিসিবি
স্পোর্টস রিপোর্টার
বার্বাডোজে টস জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ওডিআই ক্যাপ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার রাইলি মেরেডিথ। প্রথম বলটা মাঠে গড়ানোর কয়েক মিনিট আগে খবর এলো, করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফ। সঙ্গে সঙ্গেই স্থগিত হয়ে যায় ওয়েস্টইন্ডিজ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। দুই দলকে পাঠানো হয়েছে আইসোলেশনে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও নিশ্চিত করেছে, করোনা পজিটিভ হওয়া ব্যক্তি খেলোয়াড় নন। নতুন করে দুই দলের আবারও করোনা পরীক্ষা হবে। সবার নেগেটিভ রিপোর্ট এলেই পরবর্তী সিদ্ধান্ত হবে। সূচি অনুযায়ী আজই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা অস্ট্রেলিয়া-উইন্ডিজদের। সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
হুট করে করোনার এই ধাক্কা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকেও। পাঁচ টি-২০ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে অ্যারন ফিঞ্চের দলের। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, এর ফলে শঙ্কার মধ্যে পড়ে গেল বাংলাদেশ সফরও। যদিও বিসিবি এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছে না।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) আমরা সূচিও প্রকাশ করেছি। এই সফর নিয়ে কোনো সংশয় নেই। ওয়েস্টইন্ডিজে এক জনের কোভিড পজিটিভ হয়েছে, উনি খেলোয়াড়ও নন। তাতে আমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। অস্ট্রেলিয়া ২৯ জুলাই আসার কথা, আমরা এখনো সেটাই জানি।’
তবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের করোনা পরীক্ষার রিপোর্টের ওপর এখন অনেক কিছু নির্ভর করছে। যার ওপর চোখ রাখছে বিসিবিও।
