চট্টগ্রামে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নারী চিকিত্সক গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৪

চট্টগ্রামে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নাহিদা আক্তার রেনু নামে এক নারী চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ডা. রেনু তার চোখের কাজল ব্যবহার করায় গৃহকর্মী তসলিমা আক্তারকে নির্মমভাবে নির্যাতন করে। নির্যাতনের অভিযোগ পেয়ে পুলিশ বাসায় অভিযান চালিয়ে ঐ গৃহকর্মীকে উদ্ধারের পাশাপাশি চিকিত্সককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডা. নাহিদা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। নির্যাতনের শিকার তসলিমার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার বাবা আব্দুল গণি মেয়ের নির্যাতনের ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বাদী আব্দুল গণি অভিযোগ করেন, গত বছরের ১৩ জুলাই তার মেয়ে তসলিমা ডা. নাহিদার বাসায় কাজে যোগ দেয়। তিন মাস আগে থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাসায় সশরীরে এসে এবং মোবাইলে চেষ্টা করেও তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বৃহস্পতিবার মেয়ের খোঁজে ঐ বাসায় আসার পর চিকিত্সক তাকে বিভ্রান্তিমূলক কথা বলেন। প্রায় দুই ঘণ্টা বাসার সামনে অবস্থানের পর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঐ বাসা থেকে তসলিমাকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে ডা. নাহিদাকে গ্রেফতার করা হয়। আব্দুল গণি মেয়ের কাছ থেকে জানতে পারেন, গত ১৮ জুলাই বাসা পরিষ্কার করার সময় ড্রেসিং টেবিলের নিচে একটি কাজল সে খুঁজে পায়। কৌতূহলবশত সে ঐ কাজল নিজের চোখে ব্যবহার করে। এতে ক্ষুব্ধ হয়ে নাহিদা তাকে মারধর করে জখম করে এবং গলা টিপে ধরে। পরদিন তাকে এলাকার একটি সেলুনে নিয়ে চুল কেটে দেন। সেলুনে গিয়ে মুখ খুললে নাহিদা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।