প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রসঙ্গত, এর আগে ভারতসহ অন্যান্য দেশে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
