যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদ্যাপিত

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৫

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় স্বাস্থ্যবিধি মেনে বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবারও কিছুটা ম্লান করে দিয়েছে করোনা মহামারি। তবে সামর্থ্য অনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

কোভিড-১৯-এর কারণে এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েক জন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। ঈদের দিন সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। এর পর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় শেষ ঈদ জামাত। সকাল ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। করোনা থেকে মুক্তির জন্য মুসল্লিরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তবে এবারে ঈদের নামাজ শেষে মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলির সেই পরিচিত দৃশ্য চোখে পড়েনি। করোনার সংক্রমণ রোধকল্পে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে ফজলুল হক মুসলিম হল মসজিদেও ঈদের জামাত হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের এসব জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে অংশ নেন তিনি। এবার রাজারবাগে সামাজিক দূরত্ব রক্ষা করে নামাজ আদায়ের লক্ষ্যে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মসজিদ এবং ধানমন্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদে সকাল ৮টায়, লক্ষ্মীবাজার মিয়া সাহেব ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায়, লালবাগ জে এন সাহা রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদ জামাত হয়। এখানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। লালবাগ গফুর মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। কাওরান বাজার আম্বর শাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নগরীর চকবাজার ইসলামবাগ বড় মসজিদে সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ৯টায় আরো দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেগুন বাগিচাস্থ মসজিদে নূর-এ সকাল সাড়ে ৭টায়, ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে সকাল ৭টায়, আকসা হুজুরপাড়া কামরাঙ্গীরচর মসজিদে সকাল ৭টায়, ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকীয়া মাদরাসা জামে মসজিদে সকাল ৭টায় এবং ডেমরার বড় ভাঙ্গাস্থ আল আকসা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৭ টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯টায় কাজলারপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।