শেখ হাসিনার সাহসী নেতৃত্বে জনগ¬ণ ভালো আছে :কাদের

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

‘সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে’ মর্মে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

‘দেশে গণতন্ত্র নেই’ মর্মে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বরং বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠার পদে পদে বাধা দিচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথ-প্রদর্শক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা ও চিকিত্সা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যময় আচরণ করছেন জানিয়ে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার ঘুঁটি বানাবেন আর দায় চাপাবেন সরকারের ওপর, তা হতে পারে না।