সাংবাদিকরা ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারেন --------তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাংবাদিকরা ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারেন। সমাজ যেদিকে তাকায় না সেদিকে দৃষ্টি নিবদ্ধ করতে পারেন একজন সাংবাদিক। সাংবাদিকরা অব্যক্তদের পক্ষে কথা ব্যক্ত করতে পারেন। লেখনির মাধ্যমে সমাজকে উজ্জীবিত করতে পারেন। যে কথা বলতে ভুলে গেছে কিংবা ভয় পায় তার মুখে ভাষা দিতে পারেন একজন সাংবাদিক। যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে, স্বপ্ন দেখতে ভয় পায়, তাকে স্বপ্ন দেখাতে পারেন।’

তথ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আয়োজনে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সবুর শুভর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম।