সড়কে ঝরল ৩৪ প্রাণ, আহত ৬৯

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৮

দেশের বিভিন্ন স্থানে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছে। এর মধ্যে বাগেরহাটের ফকিরহাট ও রংপুরের তারাগঞ্জেই ১১ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।

বাগেরহাট :শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত ও এক জন আহত হয়েছেন। বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পানবরাজ শ্রমিক, স্থানীয় লকপুর বাজার থেকে ফিরছিলেন। নিহতরা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন—উত্পল রাহা (৪১), নয়ন দত্ত (২৫), আব্দুল হাই (৫০) ও নজরুল ইসলাস শেখ (৫০)। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহত ইজিবাইকের চালক নূর মোহম্মদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

তারাগঞ্জ (রংপুর) :রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের পাশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন ঘটনাস্থলে, এক জন তারাগঞ্জ স্থানীয় হাসপাতালে ও অপর এক জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঈদের দিন গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—আনিছুর রহমান, বাবু মিয়া, জিয়া উদ্দিন ও সামসুল হক। এক জনের পরিচয় পাওয়া যায়নি।

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। বুধবার দুপুরে কেদারগঞ্জ-মুজিবনগরের মাঝামাঝি মানিকনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাকিল হোসেন, শামিম হোসেন এবং মোস্তাক হোসেন (২০)।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদে পড়ে ঢাকাগামী প্র্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন মহিলা এক জন পুরুষ। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গাড়িচালক নয়ন, যাত্রী লিজা ও জারা (১৬)।

পাংশা (রাজবাড়ী) : সোমবার রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায়  একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—বাবা ইসমাইল শেখ, মেয়ে শিখা খাতুন  ও ছেলে আব্দুল মালেক।

কুমিল্লা : ঈদের ছুটিতে বুধ ও বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ ও দাউদকান্দিতে পৃথক দুটি দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় কাভার্ড ভ্যানচাপায় সাজেদুল হক সাজু (৪৫) ও তার মেয়ে খাদিজা আক্তার সাবা (৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার একই মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় বাসচাপায় কমলা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

গৌরীপুর (ময়মনসিংহ) :ময়মনসিংহের গৌরীপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ছয় জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিয়াদ মিয়া, শান্তি রানী এবং শিরিন আক্তার (৩০)।

মধুখালী (ফরিদপুর) : মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় অপর এক ব্যক্তি আহত হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। নিহতরা হলেন মামুন ও সুলতান।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : মঙ্গলবার শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার কাঞ্চনপাড়ায় নসিমনের চাপায় রুপচান ছৈয়াল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় রোজিনা পরিবহনের ধাক্কায় সুভাষ কর্মকার (৮০) নামের সাবেক এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে শুক্রবার আরেকটি ঘটনায় যাত্রীবাহী পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ছয় জন গুরুতর আহত হয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা এসএসসি পরীক্ষার্থী ছালিম ফরাজী (১৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাগনে এসএসসি পরীক্ষার্থী নাহিদুল ইসলাম সরদার (১৬)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে ঈদের দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে। গত বুধবার শ্যামনগর-কালীগঞ্জ মহাসড়কের শিমু রেজা এমপি কলেজের পাশে গোলাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) : বুধবার নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মেহের আলী মণ্ডল (৪২) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও আরো ছয় জন আহত হয়েছেন। বুধবার উপজেলার কয়েনবাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ (জামালপুর) : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা জোহরা বেগম (৬০) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে টনকি আলেয়া আজম কলেজ গেটের সামনে ঘটনাটি ঘটে।

আগৈলঝাড়া (বরিশাল) : শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ মোট আট জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।