ভারতে উত্পাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব -------বিক্রম দোরাইস্বামী

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৪৯

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিনের উত্পাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উত্পাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। ভারতে ভ্যাকসিন উত্পাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। তবে আমি এ ব্যপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না। উত্পাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। গতকাল শুক্রবার সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিক্রম দোরাই স্বামী আরো বলেন, কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসাবাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে কোডিড অতিমারির মধ্যে আমরা ব্যবসাবাণিজ্য অব্যাহত রাখতে পারব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো।  তবে আমাদের উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ। গত ১৮ জুলাই বিক্রিম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক ভারতে যান।