দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:১১

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার ঈদের রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। এক ঘণ্টা শুভেচ্ছা বিনিময়ের পর বেরিয়ে এসে ফখরুল বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর ওনার একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিত্সার জন্য। বিদেশে উন্নত চিকিত্সা প্রয়োজন।

জ্বর কমেছে : করোনার টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে। খালেদা জিয়ার চিকিত্সক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা কিছুটা কমেছে। গত সোমবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।

এদিকে বেগম খালেদা জিয়া ঈদুল আজহায় অন্যান্য বছরের মতো এবারও গুলশানের বাসা ফিরোজায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন। এছাড়া তার গুলশান রাজনৈতিক কার্যালয়েও দুটি গরু কোরবানি দেওয়া হয়। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যাডাম এবার বাসায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন। অধিকাংশ গোশত রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হয়েছে।