বিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেবে :কাদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারা দলীয় প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় লোকজনকেই দাঁড় করিয়ে দেবে। গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন ফরম বিক্রির শুরুতে তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। ফরম কেনা তো নমিনেশন পাওয়া না, ফরম যে কেউ কিনতে পারে, অসুবিধা কি?

পোড় খাওয়ারাই মনোনয়ন পাবেন এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা যখন সরকারে ছিলাম না, তখন জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অনেকেই ক্ষমতাসীন দলের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তারাই (ত্যাগীরা) তো আওয়ামী লীগকে ধরে রেখেছে। সুতরাং তাদের মনোনয়ন চাইতে কোনো দোষ নেই।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রার্থীদেরই    টাকা দিতে পারি না। বিএনপিকে টাকা দেব কোন দুঃখে। তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সারাদেশে গণজাগরণ ঘটেছে। বেশিরভাগ আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি। সেই অবস্থায় আমরা অন্যকে কেন ঘুষ দিতে যাব?

বিএনপি মহাসচিবও স্থানীয় নেতাদের চাপে শেষ পর্যন্ত শপথ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এলাকায় যেখানে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের চাপের মুখে তিনি কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটিও তো ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগে ফিরছেন কিনা-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি আওয়ামী লীগে ফিরছেন কিনা এটি তার নিজের সিদ্ধান্তের বিষয়। এটি নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।

শেখ হাসিনার জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে

বাংলাদেশ ও জার্মানির বিদ্যমান দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোজের সৌজন্য সাক্ষাতের সময়ে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।