চলন্ত মোটরসাইকেলের পেছনে বেঁধে কুকুরকে নির্যাতন করার অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। কুকুরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পড়া অভিযান চালিয়ে তাদের আটক করে বাগেরহাটের মোরেলগঞ্জ থানাপুলিশ। বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার অভিযুক্তদের আটক করা হয়। ২০ জুলাই মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (জনসংযোগ ও গণমাধ্যম) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অন্ধকারে মোটরসাইকেলের পেছনে রশি দিয়ে বেঁধে একটি কুকুরকে টেনেহেঁচড়ে নিয়ে যাচ্ছেন দুই জন। পেছনে আরেকটি বাইক থেকে ভিডিও করা হচ্ছিল নির্যাতনের সেই দৃশ্য। কোপা আমেরিকা ফাইনাল খেলায় ব্রাজিল ও নেইমারের পরাজয়কে ব্যঙ্গ করে করা হয় ন্যক্কারজনক এই কাজ।
ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে ১৩ জুলাই একজন নাগরিক সেটি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং-এর কাছে পাঠায়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার হোগলা বুনিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে। ভিডিওটি হাতে পেয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলামকে নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করেন মোরেলগঞ্জের ওসি।
পুলিশের তত্পরতা আচা করতে পেরে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় গোয়েন্দা কৌশল ব্যবহার করে সোমবার বাগেরহাট ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত চার জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিযুক্তদের নাম পরিচয় জানানো হয়নি।
