শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার তরল স্বর্ণ আটক

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১৪ কেজি তরল স্বর্ণসহ তিন যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইলের রিয়াজুল হাসান, কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন, এবং সোনারগাঁওয়ের মোকারাম খাঁন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাই  সকালে তিন যাত্রী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরের কাস্টমস এলাকা অতিক্রমের পর গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশের গোয়েন্দা দল তাদের আটক করে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, কাস্টমস ফাঁকি দেওয়ার জন্য বিশেষ পদ্ধতিতে স্বর্ণ গুঁড়া করে এক ধরনের তরলের সঙ্গে মিশিয়ে পেস্টের মতো করে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে এই গোয়েন্দা তথ্য পাওয়ার পর বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থান নেয় এপিবিএন। নির্ধারিত ফ্লাইটটি ল্যান্ড করার পর কাস্টমস আনুষ্ঠানিকতা শেষ করার পর তিন যাত্রী বিমানবন্দরের ক্যানোপি এলাকায় এলে তাদের আটক করে আর্মড পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে স্বর্ণ চোরাচালানের কথা অস্বীকার করলেও তল্লাশির পর তাদের শরীরের বিভিন্ন অংশে বিশেষ কায়দায় অ্যাংকলেটের ভেতরে লুকায়িত অবস্থায় স্বর্ণ পাওয়া যায়। মোলায়েম পেস্টের মতো এবং এক ধরনের তরলের উপস্থিতি লক্ষ্য করা যায় এই স্বর্ণে। জিজ্ঞাসাবাদে ঐ তিন যাত্রী জানান, শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বিশেষ কৌশলে তারা স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিলেন।