লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
খবরে বলা হয়, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে নৌযানটি রওনা দেয়। সংস্থাটির কর্মকর্তা মংগি স্লিম বলেন, ১৭ জন বাংলাদেশি পানিতে ডুবে মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মৃত কারও নাম-পরিচয় জানা যায়নি।
সাম্প্রতিককালে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত মাসেই ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
