রাজধানীর উত্তরায় শিন-শিন জাপান নামে প্রাইভেট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ডবয় আহত হয়েছেন। তাদের ঐ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নার্স মিতু রেখার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন নার্স ইমোনা আফরোজ ওরফে কাকলি এবং ওয়ার্ডবয় সাগর।
চিকিত্সায় অবহেলা করায় তাদেরকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে চিকিত্সায় অবহেলার কারণে সকাল থেকেই রোগীর লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন কিন্তু রোগীর স্বজনের অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, রোগী মো. সবুজ (২৪) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হঠাত্ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করেন ঐ রোগী। রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। মামলা হলে করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেফতার দেখানো হবে।
