তিব্বত সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট হিসেবে এটাই তার প্রথম তিব্বত সফর। ২১ থেকে ২২ জুলাই তিব্বতে ছিলেন জিনপিং। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শুক্রবারই তার তিব্বত সফরের এই খবর প্রকাশ করে। খবর বিবিসি ও জি নিউজের
গত বুধবার তিব্বতের দক্ষি-পূর্বে নিয়াংঝি মেইনলিং বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। সিসিটিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শি জিনপিং তিব্বতে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে আসেন অনেকে। তারা তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। এ সময় তাদের চীনের পতাকা ওড়াতে দেখা যায়। এরপর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে শি জিনপিং ইয়াং সেতু পরিদর্শন করেন। সেখান থেকে তিনি ইয়ারলুং সাংপো ও ইয়ান নদীবাহিত এলাকার পরিবেশ সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নিয়াংঝি শহরের উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখতে নিয়াংঝি সিটি প্ল্যানিং মিউজিয়ামসহ নানা এলাকা পরিদর্শন করেন শি জিনপিং। গত বৃহস্পতিবার তিনি নিয়াংঝি রেলস্টেশনে যান। সেখানে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ট্রেনে করে রাজধানী লাসার উদ্দেশে রওনা দেন। লাসা ভ্রমণের সময় শি জিনপিং তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দলাই লামার ঐতিহ্যবাহী বাসস্থান পোটালা প্রাসাদ পরিদর্শন করেন। তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে প্রবাসী অনেক তিব্বতি এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মানতে রাজি নন। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে দালাই লামার নেতৃত্বে তিব্বতিদের স্বাধীকারের আন্দোলন ব্যর্থ হয়।
