মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৯:৪৬

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধারকাজেও ব্যাঘাত ঘটছে। ব্যাপক কাদা ও ধ্বংসস্তূপ পেরিয়ে আটকা পড়াদের কাছে পৌঁছাতে শনিবারও উদ্ধারকারী দলগুলোকে হিমশিম খেতে দেখা গেছে।

চার দশকের মধ্যে এ বছরের জুলাইয়েই সবচেয়ে বেশি বৃষ্টি দেখেছে ভারতের এ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি। টানা বর্ষণে বিপাকে পড়েছে সেখানকার লাখো মানুষ; বেশ কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় তীর সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিয়েও বাড়ছে ভয়। মহারাষ্ট্র সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দূরের তালিয়ায় নতুন ৪টি মৃতদেহ উদ্ধারের পর ভূমিধসে বেশির ভাগ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যাওয়া গ্রামটিতে প্রাণহানির সংখ্যা ৪২ জনে গিয়ে দাঁড়িয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে আভাস দিয়ে মহারাষ্ট্র রাজ্য সরকারের ঐ কর্মকর্তা বলেছেন, ‘প্রায় ৪০ জনের মতো এখনো আটকা। কাদার মধ্যে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে আটকা থাকায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।’ গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় নিজের নাম বলতে রাজি হননি তিনি। খবর আনন্দবাজার পত্রিকা ও রয়টার্সের।

ভারতের পাশাপাশি গত কয়েক দিনে পশ্চিম ইউরোপ ও চীনের কিছু অংশেও আবহাওয়ার বিধ্বংসী রূপ দেখেছে বিশ্ব। উত্তর আমেরিকার কিছু অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই এরকম ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের দেখা মিলছে বলে মত বিশেষজ্ঞদের। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনও ভারি বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ ৬টি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। মহামারিতে ভারতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটিকে এখন কোভিড-১৯-এর পাশাপাশি রেকর্ড বৃষ্টি, বন্যা, ভূমিধসের মতো দুর্যোগও সামলাতে হচ্ছে। তবে এতসবের মধ্যেও কোভিডে আক্রান্ত এবং অন্য অসুস্থদের চিকিত্সায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।