হচ্ছে কী সব ভালাগে না
গাইতে এখন তাল লাগে না
গায়ে গালাগাল লাগে না
খিচুড়িতে ডাল লাগে না
আদা মরিচ ঝাল লাগে না—
ভাল্লাগে না ভাল্লাগে না।
ঘর বানাতে চাল লাগে না
আনতে কুমির খাল লাগে না
মাঝিমালা হাল লাগে না
রাঘব বোয়াল জাল লাগে না
গড্ডলিকার পাল লাগে না—
ভাল্লাগে না ভাল্লাগে না।
লুটপাটে মাস সাল লাগে না
খাচ্ছে দেদার থাল লাগে না
রক্তচোখও লাল লাগে না
সইতে মোটা ছাল লাগে না
লজ্জাটা আজকাল লাগে না—
হচ্ছে কী সব ভাল্লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না।
