সরাইলে কঠোর লকডাউনেও সড়কে অটোরিকশা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:১৭

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কঠোর লকডাউনের মধ্যেও সরাইলে সড়কে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব, সরাইল, নাসিরনগর ও কুট্রাপাড়া হাইওয়ে থানার সামনে থেকে চান্দুরা মাধবপুরের দিকে বেপরোয়া গতিতে চলছে এসব অটোরিকশা। লকডাউনের প্রথম দিন শুক্র ও দ্বিতীয় দিন শনিবার এ চিত্র দেখা গেছে। চলছে ব্যাটারিচালিত অটোরিকশাও। প্রত্যেক অটোরিকশায় চালকসহ যাত্রী ছিল ছয় জন।

সরাইলের সড়ক-মহাসড়ক ঘুরে দেখা যায়, আগের ১৪ দিনের লকডাউন থেকে এবার ঢিলেঢালাভাবে চলছে ‘কঠোর লকডাউন’। সরাইলের প্রধান সড়কে অটোরিকশা লাইন ধরে দাঁড়িয়ে যাত্রীদের ডাকছেন। যাত্রী ভরলে নির্বিঘ্নে ছুটে চলছেন নিজের গন্তব্যের দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের চিত্র আরো ভিন্ন। কুট্রাপাড়া মোড় এলাকায় হাইওয়ে থানার সামনে মহাসড়কে ছয়-সাতটি সিএনজিচালিত অটোরিকশা ইচ্ছেমতো যাত্রী বহন করছে। চালকদের মধ্যেও কোনো চাপ লক্ষ্য করা যায়নি। যাত্রীরা চলাচল করছেন মাস্ক ছাড়াই। অনেক চালকের মুখেও মাস্ক দেখা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, মহাসড়কে কোনো অটোরিকশা চলবে না। চললে ব্যবস্থা নেওয়া হবে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, লকডাউন চলাকালে অটোরিকশা কেন, যন্ত্রচালিত কোনো যানই অনুমতি বা যৌক্তিক কারণ ছাড়া বের হতে পারবে না।