র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থেকে মানব পাচারকারী চক্রের এক নারী সদস্য আটক হয়েছে। সোমবার রাতে বন্দর থানা এলাকার দক্ষিণ কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারের অপরাধে রহিমা বেগম ওরফে জোছনাকে আটক করে র্যাব। এসময় তার বাসা তল্লাশি করে ৫৫টি বাংলাদেশি পাসপোর্ট ও ২২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে র্যাব-১১ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মানব পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দক্ষিণ কলাবাগ এলাকা থেকে মৃত সেলিম মিয়ার স্ত্রী রহিমা বেগম ওরফে জোছনাকে (৪০) গ্রেফতার করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ৫৫টি বাংলাদেশি পাসপোর্ট ও ২২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। রহিমা বেগম ওরফে জোছনা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিল। সে ৫ বছর আগে দেশে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিক বেতনের প্রভোলন দেখিয়ে নারী পাচার করে আসছিল। এই কাজের সূত্রে সে পাসপোর্ট তৈরির দালালির কাজও করত। এই পাচারকারী চক্রে সোমা নামের এক সদস্য মধ্যপ্রাচ্য থেকে ভিসাগুলো সংগ্রহ করে দেশে পাঠায় এবং নারীদের নিয়ে গিয়ে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে দেয়। তারপর ঐ নারীদের জিম্মি করে নানা অসামাজিক কর্মকাণ্ডে বাধ্য করা হয়।
