ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:১৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সায়মন (৯) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার ধানি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শিশু সায়মন সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার বাদল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সায়মন তার বাবার সঙ্গে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সে ঘাস কাটবে না বলে বাড়ির দিকে রওনা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে গিয়ে দেখে সায়মন ফেরেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে ধানি জমিতে সায়মনের গলাকাটা লাশ পায় তার স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সায়মনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। শিশুটির বাবা-মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।