মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে লকডাউন অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় কনেপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ছয় মাস আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর ছেলের সঙ্গে স্থানীয় একটি মেয়ের বিয়ে হয়। শুক্রবার দুপুরে অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে বর। গোপন সংবাদের ভিত্তিতে মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তানিয়া ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন এবং লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়োজক কনেপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনাটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
