রাজশাহীতে স্বাস্থ্যবিধি না মানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:২১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরে শিথিলতার পরে আবারও কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার স্বাস্থ্যবিধি না মানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত ঐ ২৪ জনকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ কাউছার হামিদ বলেন, লকডাউন চলাকালে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সর্বাত্মক লকডাউন চলাকালে বিধিনিষেধ অনুযায়ী জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের বাইরে কেউ দোকান খুলতে পারবে না। এ সময়ে অপ্রয়োজনে কেউ বাইরেও বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু লক্ষ্য করা গেছে, এই সময়েও কেউ কেউ দোকান খুলেছে। তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া যারা মাস্ক পরেননি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।