জয়পুরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, অপরাধ দমনে জেলার পাঁচ থানাপুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মাদককারবারিসহ বিভিন্ন মামলায় পলাতক ও কারাদণ্ডাদেশপ্রাপ্ত ২৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে শনিবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তাহিরপুরে মাস্ক ও সাবান বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এসব বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। দিনব্যাপী এ মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার প্রমুখ।
ফ্রি অ্যাম্বুলেন্সসেবা কার্যক্রম উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় শনিবার করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ঢাকায় অবস্থিত গাড়ির শো-রুম স্কাই ট্রি এর সৌজন্য একটি অ্যাম্বুলেন্স কোটালীপাড়ায় করোনা আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ফ্রি নেওয়াআনা করবে বলে জানিয়েছেন স্কাই ট্রির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান লিটন। উপজেলা পরিষদ চত্বরে বসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এ ফ্রি অ্যাম্বুলেন্সসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
শতাধিক রক্তদাতাকে সম্মাননা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দেওয়া শতাধিক রক্তদাতাকে শনিবার সম্মাননা দেওয়া হয়েছে। ইসলামপুর রক্তসন্ধানী ফেসবুক গ্রুপের উদ্যোগে কাজী রফিকুল স্কুল অ্যান্ড কলেজে স্বাস্থ্যবিধি মেনে এ সম্মাননা দেওয়া হয়।
বন্যায় ক্ষতিগ্রস্তদের তৈরি খাবার ও মাস্ক বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শনিবার তৈরি খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। ভাসানী পরিষদ, তিস্তা বাঁচাও নদী বাঁচাও পরিষদ ও নদী ভাঙা পরিষদের আয়োজনে এসব বিতরণ করা হয়। সদর উপজেলার চর গোকুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
সৈয়দপুরে অক্সিজেন সেবায় স্বেচ্ছাসেবীরা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা করোনা রোগীর শ্বাসকষ্ট কমাতে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটছেন সংযোগ সৈয়দপুর নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সংগঠনের কর্মীরা বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করে ইতিমধ্যে সবার নজরে এসেছেন। সৈয়দপুরের খিয়ারজুম্মা গ্রামে এক বৃদ্ধার শ্বাসকষ্ট হয়। সংযোগ সৈয়দপুরের চিকিত্সা পরামর্শক ডা. আরমান হোসেন রনি ও উপদেষ্টা এম আর আলম ঝন্টু ভেরিফাই করে দ্রুত অক্সিজেন দেওয়ার পরামর্শ দিলে স্বেচ্ছাসেবী সামিউল অক্সিজেন নিয়ে ছুটে যান ঐ গ্রামে। এভাবে খবর পেয়ে তারা বিভিন্ন স্থানে দ্রুত অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বোদায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৭২টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ৭২টি পাকা ঘর দেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম শুক্রবার বিকালে এসব ঘর পরিদর্শন করে সুবিধাভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটমোহরে মাস্ক বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা করোনার সংক্রমণ প্রতিরোধে শুক্রবার জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ। চাটমোহর ঐতিহাসিক শাহী মসজিদে জুমার নামাজ শেষে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
