শিশুদের নিয়ে ভাবতে হবে

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:৩২

শিশুরা সাধারণত অনুকরণপ্রিয়। তারা চারপাশের মানুষদের দেখেই শেখে। আচার-আচরণ, কথার ধরন ইত্যাদি। তাই শিশুদের সামনে যত ভালো আচরণ করা যায় ততই ভালো। তাহলে তারাও শিখবে ভালো ব্যবহার। শিশুদের যদি স্নেহ করা হয় তাহলে অতি সহজে তাদের কাছ থেকে সম্মান পাওয়া যায়। তাদের প্রিয়ভাজন হয়ে ওঠা যায়। তাছাড়া তাদেরকে নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতেও আমাদের সচেষ্ট হতে হবে। কারণ আগামীর বিশ্বকে তারাই নেতৃত্ব দেবে। সঠিক নেতৃত্ব তৈরি করতে হলে তাদেরকে পারিবারিক কিংবা সামাজিক সবক্ষেত্রেই মূল্যায়ন করতে হবে। কখনোই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলেই তারা পরম সহিষ্ণু হবে। স্বেচ্ছাচরিতা থেকে বিরত থাকবে। তাদেরকে সুন্দর করে গড়তে হলে অবশ্যই তাদের প্রতি সদয় হতে হবে। ছোট অবস্থা থেকেই নৈতিকতা শিক্ষা দিতে হবে। যারা একটি আদর্শ দেশ গঠন করবে, তাদের অবশ্যই নৈতিকতাসম্পন্ন হতে হবে। তাদের হূদয়ে এখন থেকেই আত্মসম্মানবোধ জাগিয়ে তুলতে হবে। সবসময়ই শিশুদের প্রতি দয়ালু হতে হবে। কেননা তাদেরকে যদি এখন দয়া শেখানো না হয় তাহলে ভবিষ্যত্ পৃথিবী হয়ে উঠবে নির্দয়পূর্ণ।  যাদের হাত ধরে আগামীর পৃথিবী গড়ে উঠবে আমাদের উচিত তাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা। তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা।

মু. হাসনাত জাহান সিফাত,

নাঙ্গলকোট, কুমিল্ল­া