ফুটবল লিগ পিছিয়ে ৩০ জুলাই পুনরায় শুরু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

ঈদের পর গতকালই পুনরায় প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার কথা ছিল। আগের দিন ফিকশ্চারও ঘোষণা করেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং কমলাপুর স্টেডিয়ামে খেলা হবে প্রতিদিন বিকাল ৪টায়; কিন্তু রাতেই জানিয়ে দেওয়া হলো খেলা হবে না, পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে জানানো হলো ৩০ জুলাই থেকে খেলা শুরু হবে। কী কারণে খেলা বন্ধ করা হলো তা জানায়নি বাফুফে। অন্যদিকে বলছে আগস্টেই খেলা শেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের জন্য ছেড়ে দিতে হবে।

ফিকশ্চারে মোহামেডানের খেলা রাখা হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে কিন্তু সেখানে নিম্নমানের টার্ফ। তাই মোহামেডান খেলবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে।

মোহামেডানের ফুটবল কর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, তাদের খেলা কমলাপুরের টার্ফে যেন না দেওয়া হয় সেটা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মোহামেডান থেকে। টার্ফে খেললে খেলোয়াড়দের আহত হওয়ার সম্ভাবনা থাকবে। ক্ষতি হবে দলের। প্রিন্স জানিয়েছেন, টার্ফ খুবই খারাপ। এখানে খেললে ইনজুরি হবে। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে চাই।