করোনা আতঙ্ক কেটেছে
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের থাবায় থমকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। গত ২২ জুলাই উইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হওয়ায় স্থগিত হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। টস হওয়ার পর খবর আসতেই দুই দলকে আইসোলেশনে পাঠানো হয়। স্বস্তির খবর এসেছে পরদিনই, করোনা আতঙ্ক কেটে গেছে। নতুন সূচিতে গতকাল রাতেই (বাংলাদেশ সময়) আবারও মাঠে গড়িয়েছে ওয়ানডে সিরিজ।
কঠোর জৈব সুরক্ষা বলয়ের পরও একজন করোনা আক্রান্ত হয়েছেন। তারপর দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল, টিভি ক্রু ও সিরিজে সংশ্লিষ্ট সবাইসহ মোট ১৫২ জনের করোনা পরীক্ষা করা হয়। সবার নেগেটিভ রিপোর্ট আসার পরই খেলা শুরুর সবুজ সংকেত মিলে।
নতুন সূচিতে বার্বাডোজে গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে আবারও শুরু হওয়ার কথা। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া।
টস হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি স্থগিত হয়েছিল, তাই এখন আইসিসির পরামর্শ অনুযায়ী নতুন করে ম্যাচ শুরু হওয়ার কথা।
একদিন বাড়তি সময় লাগছে বলেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টি-২০ সিরিজ নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। কারণ ২৭ জুলাই ছিল দুই দলের সিরিজের প্রথম ম্যাচ। ক্রিকেট ওয়েষ্ট ইন্ডিজ জানিয়েছে, সূচিতে কিছুটা পরিবর্তন আনার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।
সিরিজটা একদিন পিছিয়ে গেলেও অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই। কোনো পরিবর্তনও আসেনি। পূর্বনির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। ক্যারিবিয়ান থেকে চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে রওনা করবে অ্যারন ফিঞ্চ বাহিনী, আগামী ২৯ জুলাই ঢাকায় পৌঁছানোর কথা তাদের। সফরে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি টি-২০ খেলবে অস্ট্রেলিয়া দল। ক্রিকেটের খুদে ফরম্যাটে এটিই দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজ জুড়ে মানা হবে কঠোর জৈব সুরক্ষা বলয়। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলে গিয়েছিল অস্ট্রেলিয়া।
