খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় ফের বাড়ছে মূল্যস্ফীতি

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

দেশের মূল্যস্ফীতির হার ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। এপ্রিলের তুলনায় মূল্যস্ফীতির হার মে মাসে কিছুটা কমে এলেও গেল জুলাই মাসে আবার বাড়তে দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশে। গত এপ্রিলে এই হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ এবং মে মাসে ছিল ৫ দশমিক ২৬ শতাংশ। এক মাসের ব্যবধানে দেশে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে। গ্রামীণ অঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ ছাড়িয়েছে। বিবিএস এর তথ্যানুযায়ী এক মাসের ব্যবধানে মোটা, চিকন সব ধরনের চালের দাম বেড়েছে। মাছের দাম কিছুটা নিম্নমুখী থাকলেও বেড়েছে মাংসের দাম। সেইসঙ্গে ভোজ্য তেল, মসলার দাম বেড়েছে।

খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় সদ্যসমাপ্ত ২০২০-২১ অর্থবছরের গড় মূল্যস্ফীতি সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত অর্থবছরের ১২ মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ। সরকারের লক্ষ্য ছিল গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার। এর আগে ২০১৯-২০ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৬৫ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত জুনে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬৪ শতাংশ যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ৬ দশমিক ৪৪ শতাংশ মূল্যস্ফীতির হার ছিল। বিবিএসের তথ্য অনুয়ায়ী, জুনে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশে, যা মে মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।  গত বছরে জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে এক মাসের ব্যবধানে খাদ্য বহির্ভূত পণ্যে যেমন পোশাক, নির্মাণসামগ্রী, পরিবহন ভাড়া, চিকিত্সা ব্যয়সহ অনেক পণ্যের দাম বেড়েছে। গত জুনে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। যা মে মাসে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। গ্রাম ও শহরের মূল্যস্ফীতির তথ্যে দেখা যায়, জুন মাসে দেশের গ্রামীণ অঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৮৪ ভাগ। যা মে মাসে ছিল ৫ দশমিক ২৮ ভাগ। জুন মাসে দেশের গ্রামীণ অঞ্চলে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৪ ভাগে যা মে মাসে ছিল ৫ দশমিক ২৫ ভাগ। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩৩ ভাগ থেকে বেড়ে ৫ দশমিক ৪৬ ভাগ হয়েছে।

অন্যদিকে জুন মাসে দেশের শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২৯ ভাগ। যা মে মাসে ছিল ৫ দশমিক ২৪ ভাগ। জুন মাসে দেশের শহরাঞ্চলে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ ভাগে যা মে মাসে ছিল ৪ দশমিক শূন্য ৩ ভাগ। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫৬ ভাগ থেকে বেড়ে ৬ দশমিক ৫৬ ভাগ হয়েছে।