ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের বন্ড অনুমোদন

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নন-কনভার্টেবল আনসিকিউর্ড উইম্যান এম্পাওয়ারমেন্ট জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি বিএসইসির ৭৮৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ বন্ডের ডিসকাউন্ট ভ্যালু ১৭৩ কোটি ৪৫ লাখ টাকা এবং টোটাল ফেস ভ্যালু ২০০ কোটি ১০ লাখ টাকা। এ বন্ডের ডিসকাউন্ট হার ৭ দশমিক ৫০ শতাংশ, যার করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও যোগী বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলন করে টিএমএসএস তাদের ‘জাগরণ’ ও ‘অগ্রসর’ ঋণ প্রকল্পের মাধ্যমে পল্লি এলাকার মহিলাদের মধ্যে ঋণ বিতরণ করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং প্রতি লটের অভিহিত মূল্য ৩০ লাখ টাকা। এ বন্ডের ট্রাস্টি এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।