সিংগাইরে অটোরিকশাচালকরা পেলেন খাদ্যসামগ্রী

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:১২

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

লকডাউনের প্রথম দিন বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী পরিবহনের অপরাধে অটোরিকশাচালকদের দিনের বেলায় আটক করার পর অর্থদণ্ডের পরিবর্তে  রাতের বেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফের উপস্থিতিতে হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন লঙ্ঘনের অপরাধে এ সময় বেশ কিছু অটোরিকশা আটক করা হয়। পরে তার নির্দেশেই আটক অটোরিকশার চালকদের জরিমানা না করে খাদ্যসামগ্রী দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অটোরিকশা বের না করার শর্তে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এদিকে গতকাল দেখা গেছে, ঢাকার প্রবেশমুখ সিংগাইর উপজেলার শহীদ রফিক সেতুতে যানবাহনের প্রবেশ ঠেকাতে আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মো. রেজাউল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যাকে লকডাউন বাস্তবায়ন করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এছাড়া সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন লঙ্ঘনের অপরাধে ১৫ ব্যক্তির কাছ থেকে ২০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।