পুরস্কৃত হলেন ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীরা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ড কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করে প্রশংসিত হয়েছে। ঈদের দিন দুপুর ৩টার মধ্যে বর্জ্য অপসারণ করে ওয়ার্ডগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে তারা। যা ডিএনসিসিতে এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম ঘোষণা করেন। কোরবানির পশুর বর্জ্য সবার আগে দ্রুততম সময়ে অপসারণ করা এ নিয়ে পরপর তিনবার ৩১ নম্বর ওয়ার্ড প্রথম হয় বলে জানা যায়।

যার কারণে ৩১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডে কর্মরত ১২১ জন পরিচ্ছন্নতা কর্মীকে গত শুক্রবার ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া  হয়।  এ বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘ঈদের সাত থেকে আট দিন আগে থেকেই আমি এবং আমার টিম ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের নির্দেশ ও রোডম্যাপ অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এ ছাড়াও ঈদের দিন সকাল থেকেই আমার ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতাকর্মী প্রতিটা রাস্তায় রাস্তায় গিয়ে গ্রুপ করে নিষ্ঠার সঙ্গে কোরবানির বর্জ্য অপসারণ করেছে।’