স্বাস্থ্যবিধি না মানায় নবাবগঞ্জে ২৫ জনকে জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:১২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ পালনে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে ঈদ-পরবর্তী দ্বিতীয় দিনে গতকাল মাঠে তত্পর ছিল  প্রশাসন। এ সময় বিধিনিষেধ লঙ্ঘন করায় নবাবগঞ্জে ২৫টি মামলা দিয়ে ২৫ জনকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারের বিধিনিষেধ লঙ্ঘন করায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

 এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সরকারঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর করতে  ও করোনা সংক্রমণ রোধে আগামী ৫ আগস্ট রাত ১২ ঘটিকা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।