গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৪৪

ঢাকায় এক দিনে এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই রাজধানী ঢাকার। এ মাসের ২৪ দিনে ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। এর আগে এক দিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল গত শুক্রবার। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, আর বাকি তিন জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের পহেলা জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৪ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন।