কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৪৪

কুমিল্লা নগরীতে স্বামীর নির্যাতনে পিংকি আক্তার নামের আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের টিক্কাচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই গৃহবধূর স্বামী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতার বিল্লাল টিক্কাচর এলাকার বারেক মিয়ার ছেলে এবং পিংকি আক্তার একই এলাকার সাহিদ মিয়ার মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পিংকি আক্তার (২২) সৌদি আরব ও ওমানে শ্রমিকের কাজ করতেন। তিনি চার বছর আগে দেশে ফেরার পর প্রেম করে ট্রাক্টর চালক বিল্লাল হোসেনকে বিয়ে করেন। এর আগে বিল্লালের একাধিক বিয়ের বিষয়টি তার কাছে গোপন রাখে। বিয়ের পর থেকে বিল্লাল প্রায়ই যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করত। এরই মধ্যে গাড়ি কেনা ও ঘর তৈরির জন্য যৌতুক হিসেবে পিংকি আক্তার কয়েক দফায় তাকে টাকা দেয়। ইতিপূর্বে সে একাধিকবার তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করে। এদিকে শুক্রবার রাতে আবারও যৌতুকের জন্য বিল্লাল হোসেন তার স্ত্রীকে মারধর করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগম বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামি করে শনিবার মামলা করেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।