টঙ্গীতে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দর কষাকষিতে বিলম্ব, কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫১

টঙ্গীতে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দরকষাকষিতে বিলম্বের জেরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত এক কলেজছাত্রের মৃত্যু ঘটেছে।

জানা গেছে, ঈদুল আজহার দিন সকালে টঙ্গীর তিস্তার গেট এলাকায় শরিফুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্র বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে চিকিত্সার জন্য শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য শরিফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  ঈদের দিন হওয়ায় কোনো ধরনের যানবাহন না থাকায় সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের জন্য রোগীর স্বজনরা আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের ইমারজেন্সিতে গেলে সরকারি ড্রাইভার সিরাজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।              ড্রাইভার সিরাজের সঙ্গে যোগাযোগ করার পর সে প্রাইভেট অ্যাম্বুলেন্সের জন্য ৩ হাজার ৫০০ টাকা ভাড়া দাবি করে। এ নিয়ে দরকষাকষিতে বেশকিছু সময় পার হয়। এক পর্যায়ে ড্রাইভার সিরাজ অগ্রিম টাকা দাবি করে। প্রায় তিন ঘণ্টা পর সিরাজ তার অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে ঢাকা মেডিক্যালের উদ্দেশে রওনা দেয়। ঢাকা মেডিক্যালে যাওয়ার পথে রোগী শরিফুল মারা যান।

শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিত্সা নিতে আসা বেশ কয়েক জন রোগীর স্বজন জানান, বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স দালাল চক্রের খপ্পরে পরে অনেক রোগীকেই বড় অঙ্কের মাশুল গুনতে হয়। এ সিন্ডিকেট চক্রে রয়েছে হাসপাতালের এক শ্রেণির অসাধু কর্মকর্তাও।  এ বিষয়ে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার সিরাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে বলে, প্রাইভেট অ্যাম্বুলেন্সের জন্য ভাড়া চেয়েছিলাম। এক পর্যায়ে আমার গাড়ি ধাক্কা দিয়ে চালু করে রোগী নিয়ে যাই।