জাহালমের ব্যাপারে উদ্দেশ্যপ্রণোদিত ভুল হলে কঠোর ব্যবস্থা —দুদক কমিশনার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৮

জাহালমের ব্যাপারে দুদকের তদন্ত সংশ্লিষ্ট কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভুল করে থাকলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলায় বিনা দোষে জাহালমকে তিন বছর কারাভোগ করতে হয়েছে।

দুদকের এই কমিশনার সাংবাদিকদের বলেন, জাহালমকে কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে কিনা সেটা কমিশনের তদন্ত কমিটি যাচাই বাছাই করে দেখবে। যারাই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জাহালমের বিষয়ে দুদককে কেউ ভিন্নপথে পরিচালিত করেছে কিনা সেটিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

এদিকে দুদক সূত্র জানায়, এ ঘটনায় কমিশনের পরিচালক (লিগ্যাল) আবুল হাসনাত  মো. আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এক সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে কমিশন। কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে কমিশনের নিকট প্রতিবেদন দাখিল করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।