স্বামী পলাতক
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় সানজিদা আক্তার (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী এনামুল হক ডাকুয়ার (২৮) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সদর উপজেলার নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এনামুল পলাতক রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর লাশ নিহতের গ্রামের বাড়ি নলছিটির রানাপাশায় দাফন করা হয়। এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সানজিদার বড় ভাই মেহেদী হাসান ও চাচা আফজাল হোসেন জানান, এক বছর আগে এনামুলের সঙ্গে সানজিদার বিয়ে হয়। সানজিদা নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের শাহআলম হাওলাদারের একমাত্র মেয়ে। বিয়ের পর সানজিদা জানতে পারে এনামুলের সঙ্গে এনামুলের বড় ভাই সবুজের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে এনামুল ফোন করে সানজিদার ভাই মেহেদীকে বলেন, ‘আপনার বোন অসুস্থ, আপনারা চলে আসেন’। ১৫ মিনিট পর এনামুল আবার ফোন করে বলেন, ‘আপনার বোন মারা গেছে’। মেহেদী হাসান জানান, আমার বোনের কোমরের ওপরের অংশসহ বিভিন্ন স্থানে নির্যাতনের কাল দাগ ছিল। আফজাল হোসেন বলেন, আমার ধারণা আমার ভাতিজিকে গলা টিপে বা অন্য কোনো উপায়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা এসআই অচিন্ত কুমার পাল বলেন, সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বিধায় অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ পোস্টমর্টেম করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধের বিষয়টি আসলে অপমৃত্যু মামলাটি হত্যামামলায় রূপান্তর হবে।
