দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাটে নির্মানাধীন সড়কের কাজ শেষ করার আগেই গাইডওয়াল ভেঙে পড়েছে। দুই নাম্বার ইট ও পিলার নিম্নমানের হওয়ায় যেকোন সময় পুরো ওয়াল ভেঙে পড়ার আশংকা করছেন এলাকাবাসী। এ ঘটনায় কাজে অনিয়ম অভিযোগের কথা শিকার করেছেন প্রকল্প সভাপতি।
সংশ্লিষ্ট ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সড়কে জরাজীর্ণ এবং যাত্রীদের দূর্ভোগের জন্য দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সাংসদ এস এম শাহজাদা আউলিয়াপুর লঞ্চঘাট সড়ক নির্মানের জন্য কাবিটা প্রকল্পের মাধ্যমে ছয় লাখ টাকা বরাদ্দ প্রদান করেণ। ঐ প্রকল্পের সভাপতি করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজীজ মিয়াকে। প্রকল্পের কাজ চলমান অবস্থায় গত সোমবার বিকেলে প্রায় ৩০ ফুট গাইডওয়াল ভেঙে পড়েছে। এছাড়াও পুরো ওয়ালটা পশ্চিমদিকে হেলে পড়েছে। ইতিমধ্যে সভাপতি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উত্তলন করে নিয়েছেন। আউলিয়াপুর লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী কামরুল হাওলাদার বলেন, দুই নাম্বার ইট ও পিলারগুলো নিম্নমানের হওয়ায় সড়ক নর্মানের আগেই গাইডওয়াল ভেঙে পড়েছে। প্রকল্প সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজীজ মিয়া বলেন, সড়কের কাজে মাত্র ৫০০ইট দুই নাম্বার দেওয়া হয়েছে, এছাড়া সকল ইট এক নম্বর। সড়কের মধ্যে বালু ভরাটের সময় অফিসের কাউকে বলা হয়নি। এছাড়া সকল কাজে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশ মোতাবেগ কাজ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল হোসেন বলেন, গাইডওয়ালে নিম্নমানের ইট দেয়ায় সভাপতিকে কাজ বন্ধ করে এক নাম্বার ইট দিয়ে পুনরায় কাজ করার নির্দেশ দিয়েছি। কিন্তু আমাকে না জনিয়ে তাড়াহুরো করে কাজ শেষ করতে যাওয়ায় গাইডওয়াল ভেঙে পরেছে।
