পঞ্চগড়ে পল্লী চিকিত্সকের ওষুধ সেবনের পর বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫৫

ছোট ভাই লড়ছে মৃত্যুর সঙ্গে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পল্লী চিকিত্সকের দেওয়া ওষুধ সেবনের পর রশিদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তারই ছোট ভাই বায়েজিদ (১৮ মাস)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের আরাজি শিকারপুর চশপাড়া গ্রামে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শাহিরুলের দুই ছেলে রশিদুল ও বায়েজিদের জ্বর হলে শুক্রবার বিকালে কালিয়াগঞ্জ বাজারের পল্লী চিকিত্সক মোতালেবের চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক গ্লোব ফার্মার ‘পল’ নামের একটি সিরাপ নিতে বলেন। রাতে খাওয়ার পর দুই শিশুকে পল সিরাপ খাওয়ানো হয়। এরপরই মাথা ঘোরা ও বমি হওয়া এবং মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। তাত্ক্ষণিক তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাদের দুই জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রশিদুলকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। আর বায়েজিদকে উন্নত চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনা শোনার পরেই পল্লী চিকিত্সক মোতালেব গাঁ ঢাকা দিয়েছে।

বোদা উপজেলা্ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ আই এম রাজিউল করিম জানান, ওষুধ সেবনে দুই শিশুর অসুস্থ হওয়া এবং একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মীকে বিষয়টি তদন্তের পর রিপোর্ট দিতে বলা হয়েছে। বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, রশিদুল নামে এক শিশু ঠাকুরগাঁয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। ঐ শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাপটি জব্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।