রংপুর মেডিক্যাল থেকে সিলিন্ডার পাচারের চেষ্টার মামলায় ছয় জন কারাগারে

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫৬

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর থেকে তিনটি ট্রাকে করে অক্সিজেন সিলিন্ডার পাচার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। তারা ঐ তিন ট্রাকের চালক ও হেলপার। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শনিবার মামলা গ্রহণের পর তিন ট্রাকের চালক ও হেলপারদের প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করা হয়েছে।

করোনাকালে অক্সিজেন সিলিন্ডারের ব্যাপক চাহিদার কারণে কোনো প্রতারক চক্র সুকৌশলে সরকারি এই হাসপাতাল থেকে সিলিন্ডার সরানোর পরিকল্পনা করেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভুয়া চালানের মাধ্যমে প্রতারণা করে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চেষ্টার অভিযোগে মামলাটি করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান। শুক্রবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলার এজাহার দাখিল করেন তিনি।

মামলার বাদী ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান জানান, গতকাল শুক্রবার দিনাজপুর থেকে আসা খালি ট্রাক তিনটি চালান নিয়ে স্টোরে যোগাযোগ করলে সন্দেহ তৈরি হয়। পরে তাদের আটক করে বিষয়টি পুলিশে জানানো হয়। ঐ দিন ঢাকা থেকে হাসপাতালে এক ট্রাক অক্সিজেন সিলিন্ডার আসার কথা ছিল।

এদিকে সরকারি হাসপাতাল থেকে প্রতারণার মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার সরানোর চেষ্টার ঘটনাটিকে গুরুত্বসহকারে পুলিশ তদন্ত করছে বলে দাবি করেন ওসি আব্দুর রশিদ। তিনি বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতারক চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটন হবে বলে আশা করছি। এ ঘটনায় হাসপাতালের স্থানীয় সিন্ডিকেট জড়িত কি না সেটাও তদন্ত করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফারুক আহমেদ (ডিবি অ্যান্ড মিডিয়া) জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন ভাণ্ডারের প্রায় ৫০০ খালি অক্সিজেন সিলিন্ডার লুটের চেষ্টার ঘটনায় গতকাল শনিবার রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা হয়েছে।