মাইক্রোবাসের ধাক্কায় খিলগাঁওয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:০০

রাজধানীর খিলগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. কাসেম (২৮)। গত শুক্রবার রাতে খিলগাঁও মস্তু মাঝির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাসেমের বাবার নাম মহির উদ্দিন। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুরের বিগলআতা গ্রামে। কাসেম মানসিক রোগী ছিলেন এবং দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

খিলগাঁও থানার এসআই শামীম আহমেদ জানান, রাত ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। এলাকার লোকজনের মুখে জানতে পারেন একটি মাইক্রোবাস ঐ যুবককে ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।

তিনি আরো জানান, কাসেম মানসিক রোগী ছিলেন। দীর্ঘদিন থেকে তাকে তার পরিবার খুঁজে পাচ্ছিল না। তার মা নেই। বাবাও অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী। ফলে কেউ তার কোনো খোঁজ খবর করত না। লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে কোনো মামলা করেনি। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। তবে পুলিশ ঐ মাইক্রোবাস ও চালককে খুঁজে বের করার চেষ্টা করছে।