দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিশু রয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় আব্দুল জলিল (৫৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে। আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মেহেরপুর: মুজিবনগরে পিকনিকের বাসের ধাক্কায় সমসের মালিথা (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার গৌরীনগর মোড়ে এই ঘটনা ঘটে। মালিথা উপজেলার পুরন্দর পুর গ্রামের বাসিন্দা।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: গলাচিপায় ইজিবাইকের ধাক্কায় নুসরাত (৭) নামে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে গলাচিপা চেয়ারম্যান বাড়ির সামনে এই ঘটনা ঘটে। সে গলাচিপার ডাক্তারবাড়ির ভাড়াটিয়া সোহেল তানভীরের মেয়ে। নুসরাত স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি-কড়িয়া সড়কের পাঁচমাথায় ট্রাক্টরের ধাক্কায় আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমজাদ উপজেলার দরপৈল গ্রামের মৃত তোমেজ উদ্দীনের ছেলে।
