‘এই সফটওয়্যারের কারণে সাধারণ মানুষ রাতে নিশ্চিতে ঘুমাতে পারছে’

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:৩১

ফোনে নজরদারির সফটওয়্যার পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়েই এই কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এই হ্যাকিং সফটওয়্যার কিনে নিয়ে অধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালিয়ে আসছে বিভিন্ন দেশের ‘কর্তৃত্ববাদী’ সরকার।

এই সফটওয়্যার নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও এর নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ বলেছে, এটির কারণে সাধারণ মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হচ্ছে না। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা এই সফটওয়্যার ব্যবহার করে ‘দুষ্টচক্রের দুষ্টবুদ্ধি’ আগেভাবেই জানতে পারছে। ফলে তাদের রুখে দেয়া কিংবা মোকাবেলা করা সহজ হচ্ছে। তবে তাদের দাবি, এই সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা তথ্য তারা নিজেদের কাছে আনে না। তাদের গ্রাহকরা নিজেদের প্রয়োজনে এগুলো ব্যবহার করে থাকে। তারা আরো দাবি করে, আরো অনেক ইনটেলিজেন্স ইউনিটের সঙ্গে যৌথভাবেই তারা এটি প্রণয়ন করেছে। এটির কারণে সোস্যাল মিডিয়াসহ মোবাইল ফোনে সাধারণ যোগাযোগে খারাপ মানুষ কোনো খারাপ পরিকল্পনা করছে কি না সেটা জানা সম্ভব বলে তাদের দাবি।