বিনোদন রিপোর্ট
আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোট্রেনের প্রথম গন্তব্যস্থল সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোন দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শক শুণ্য প্রথম অনুষ্ঠান। মেট্রোট্রেনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানে গান রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে, আমাদের সবার প্রিয় গানের কোকিল শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। সংগৃহীত কথা ও সুরে ইত্যাদির এবারের পর্বে তসিবার জন্য একটি গান নুতনভাবে রেকর্ড করা হয়। গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান (দাদু)। গানটির সংগীতায়োজন করেছে তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য শিল্পীরা। ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। কিন্তু এবারের ইত্যাদিতে কোন আমন্ত্রিত দর্শক না থাকার পরও করা হয়েছে ইত্যাদির নিয়মিত দর্শক পর্ব। কিন্তু দর্শক ছাড়া কিভাবে দর্শক পর্ব? মামা, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর পর ভাগ্নে আফজাল শরীফকে এই প্রথম দেখা যাবে ইত্যাদিতে। কিন্তু সেখানে তার ভূমিকা কি থাকবে? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ৩০ জুলাই প্রচারিত ইত্যাদিতে। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-মাসুম আজিজ, আমিরুল হক চৌধুরী, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজিদ, লাভলী ইয়াসমিন, লিনা, নিপু, জামিল হোসেন, জিয়াউল হক পলাশ, শামীম, আনন্দ খালেদ, সজল, সাজ্জাদ সাজু, গুলশান আরা, নজরুল ইসলাম, সুবর্না মজুমদার, ইমিলা, তিন্নি গ্লোরিয়া, ইরা, আসমা, মতিউর রহমান, রিমু, নিসা, তানিয়া, পাপিয়াসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।
